নবাবগঞ্জ

নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দুই দোকান ও বসতবাড়ি, নিঃস্ব হওয়ার পথে ব্যবসায়ীরা

প্রিন্ট
নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল দুই দোকান ও বসতবাড়ি, নিঃস্ব হওয়ার পথে ব্যবসায়ীরা

প্রকাশিত : ৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৫


দিনের আলো ফোটার আগেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির মূল্যবান মালামাল। মুহূর্তের আগুনে শেষ হয়ে গেল দুই ব্যবসায়ীর সাজানো স্বপ্ন। ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবারের বসতঘরের তিনটি কক্ষ। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (৯ নভেম্বর) ভোর সোয়া ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের পূর্ব পাশে মোকছেদ চেয়ারম্যানের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে মার্কেটের ইলেকট্রিক ও অটো সার্ভিসের দোকানসহ পাশের আরও একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের মালিকের বাসায়ও। এতে বসতবাড়ির তিনটি কক্ষের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক ও অটো সার্ভিসের মালিক এরশাদুল হক বলেন, দোকানে প্রায় ৮০ থেকে ৮৫ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমার সারা জীবনের সম্বল শেষ হয়ে গেল। কীভাবে এ ক্ষতি কাটিয়ে উঠব, বুঝতে পারছি না।

অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।

বাসার মালিক সোহাগ মন্ডল জানান, আগুনে তাঁদের বাসার তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুসা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দুটি দোকান ও বসতবাড়ির তিনটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

একটি অগ্নিকাণ্ডে শুধু কয়েকটি দোকান কিংবা ঘরবাড়িই পুড়ে যায়নি, শেষ হয়ে গেছে কয়েকটি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন। ব্যবসা হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনিশ্চয়তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এই ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজন সহযোগিতা ও সহমর্মিতা।