নবাবগঞ্জ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রিন্ট
নবাবগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৪:৫০


দিনাজপুরের নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণের উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণির ১ হাজার ২৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এ সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী মেহেজাবিন জানায়, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজের মেধা যাচাইয়ের সুযোগ তৈরি করে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য এ অভিজ্ঞতা অনুপ্রেরণা জোগাবে।

 অভিভাবক আতিকুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন। এতে তাদের মেধা ও আত্মবিশ্বাস বাড়ে। কিশোরকণ্ঠের এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলে আমি মনে করছি।

পরীক্ষার দায়িত্বে থাকা পরিদর্শক সেলিম রেজা বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় দায়িত্ব পালন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।