বীরগঞ্জ

বীরগঞ্জে সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন করলেন মনজুরুল ইসলাম এমপি

প্রিন্ট
বীরগঞ্জে সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন করলেন মনজুরুল ইসলাম এমপি

প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৭


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর রথবাজার ও ১১নং মরিচা ইউনিয়নের ডাবরা দীনেশ্বরী বকবাড়ি সার্বজনীন দুর্গা উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

ডাবরা বকবাড়ি সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি তুষার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর

চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন ও উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহসান হাবীব শামীম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিক্কা রাম রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ উপজেলায় এবার ১৬৬টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি পূজামণ্ডপে বড় বাজেটের আয়োজন রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে উৎসবটি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ও পূজামণ্ডপগুলোতে সতর্ক অবস্থানে থেকে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবেন, কেউ যেন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এর নেতাকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন হবে। কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা চোখে পড়লে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি স্পষ্টভাবে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। উৎসব হবে আনন্দের, পরিবেশ থাকবে শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।