দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীমেলার দীর্ঘদিনের বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় কালীমেলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জগদীশ চন্দ্র রায় ও ধনেশ্বর চন্দ্র রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের অবসান ঘটিয়ে মেলাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
কালীমেলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টনিল চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিনের এই বিরোধের অবসান চাই। ঢেমঢেমিয়া কালীমেলার শত বছরের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এবারের মেলা যেন পূজা-অর্চনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।” তিনি বলেন, মেলার ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রেখে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আয়োজনটি সুন্দরভাবে পরিচালনা করতে হবে। এ জন্য জগদীশ চন্দ্র রায় ও ধনেশ্বর চন্দ্র রায়ের মধ্যকার বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এমপি মনজুরুল ইসলাম আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা না হলে বৃহত্তর স্বার্থে পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মাধ্যমে মেলার পূজা-অর্চনা ও সার্বিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মেলার আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে পৃথক দুটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে একটি কমিটি আয় এবং অন্যটি ব্যয়ের হিসাব সংরক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করবে। দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী এ মেলাকে আবারও প্রাণবন্ত করে তোলাই এখন সংশ্লিষ্টদের প্রত্যাশা। স্থানীয়দের আশা, পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে এবারের কালীমেলা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রবাসকল্যাণবিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিক্কারাম রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা এবং ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আহমেদ বেলু সহ এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত