বীরগঞ্জ

বীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিন্ট
বীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২১


দিনাজপুরের বীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভগীরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে পঞ্চগড়ের বোদা উপজেলার টুস্টার ফুটবল একাডেমি ও সিরাজগঞ্জ ফুটবল একাডেমি মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক। টুর্নামেন্টকে ঘিরে ভগীরপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বর্তমান যুবসমাজ মাদকের সাথে যুক্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলাকে কাজে লাগাতে হবে। নিয়মিত খেলায় লিপ্ত থাকলে আর কোন বাজে নেশায় যুক্ত হবে না। তাই আমি অনুরোধ করবো যারা ক্রীড়া প্রেমি ব্যক্তিবর্গ আছেন আপনারা নিয়মিত এধরনের খেলাধুলা আয়োজন করবেন।

তিনি আরো বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশের খেলাধুলা আরো এগিয়ে নিয়ে যাবেন। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের গৌরব আরো ফুরে তুলবেন। তাই আসুন আগামী দিনে বাংলাদেশকে সাজাতে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুবাস দাস, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ।

টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করবে।