দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে কবিরাজ ধানহাটিতে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাজারের পরিবেশ পরিদর্শন করেন সংসদ সদস্য।
এ সময় তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করে যেতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি,উপজেলা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমীন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মতামত