বিরামপুর

বিরামপুরে ১৮ লাখ টাকার সোনা ছিনতাই মামলায় ইউপি সদস্য সোহেল রানা গ্রেপ্তার

প্রিন্ট
বিরামপুরে ১৮ লাখ টাকার সোনা ছিনতাই মামলায় ইউপি সদস্য সোহেল রানা গ্রেপ্তার

প্রকাশিত : ১৮ মে ২০২৬, সন্ধ্যা ৭:১৯


দিনাজপুরের বিরামপুরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাই মামলার এজারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে খানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৭ মে) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আদালতে সোপর্দের পাশাপাশি রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের শালবাগান ঢিবি এলাকায় দুঃসাহসিক এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ বক্স থেকে মাত্র ২০০ গজ দূরে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী ও চালকের পথরোধ করে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ ভরি ৪ আনা স্বর্ণ ও নগদ অর্থ ছিনিয়ে নেয় তারা। হামলায় একজন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, একটি দেশীয় অস্ত্র ও একটি মানিব্যাগ।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নাম উঠে আসে। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, এখন পর্যন্ত সোনা উদ্ধার হয়নি,মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এপর্যন্ত ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।