বিরামপুর

বিরামপুরে ব্র্যাকের স্বাস্থ্যসেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

প্রিন্ট
বিরামপুরে ব্র্যাকের স্বাস্থ্যসেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮ মে ২০২৬, সন্ধ্যা ৭:১১


দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ঝগড়ু পাড়া গ্রামে ব্র্যাকের উদ্যোগে স্বাস্থ্যসেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে)ঝগড়ু পাড়া গ্রামের রেজওয়ান মন্ডলের মুদি দোকানের পাশে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য শিক্ষা, রক্তচাপ পরিমাপ, চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও উচ্চতা নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও চোখ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। যাদের চোখে নিকটবর্তী প্লাস ১.০০ পাওয়ার শনাক্ত হয়েছে, তাদের জন্য ১৫০ টাকা মূল্যে চশমার ব্যবস্থাও করা হয়।

এ সময় বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন উপস্থিত থেকে ব্র্যাকের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন করেন। তিনি গ্রামের শিশুদের হাম টিকা গ্রহণের বিষয়েও মাঠপর্যায়ে খোঁজখবর নেন।পাশাপাশি ব্র্যাকের মাঠকর্মীরা কীভাবে গর্ভবতী মায়েদের খোঁজখবর নিচ্ছেন, স্বাস্থ্য পরামর্শ ও সচেতনতামূলক সেবা দিচ্ছেন, সে বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।তিনি জানান, যে সমস্ত শিশু ছাড়া পড়েছে তারা ২ দিনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকা দান কেন্দ্রে গিয়ে হামের টিকা গ্রহণ করতে পারবেন।

কর্মসূচিতে ব্র্যাকের প্রজেক্ট অফিসার সুমন আলী,ফিল্ড ম্যানেজার জাহাঙ্গীর আলম,মাঠকর্মী রাজিয়া এবং বোলাইচন্দ্র বর্মনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিরামপুর পৌর শহরের মির্জাপুরস্থ ব্র্যাক অফিসের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ সময় গ্রামের অসংখ্য মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। তবে ডায়াবেটিস পরীক্ষার জন্য প্রতিজনের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়।