দিনাজপুরের হাকিমপুর হিলিতে থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত মেহেদী হাসান ওরফে চুষনি (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১২ মে রাতে অভিযান চালিয়ে পৌর শহরের মাঠপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আজ বুধবার দুপুরের পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত ডাকাত মেহেদী হাসান ওরফে চুষনি হাকিমপুর হিলি পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার আলিম উদ্দিনের ছেলে।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, হাকিমপুর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি হাকিমপুর থানায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে পৌর শহরের মাঠপাড়া এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত মেহেদী হাসান ওরফে চুষনি কে গ্রেফতার করা হয়েছে। হাকিমপুর থানা মামলা নং ৯। এছাড়াও গ্রেফতার আসামির বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানা, গোবিন্দগঞ্জ থানা ও শিবগঞ্জ থানা এবং হাকিমপুর থানা সহ মোট ০৬টি মামলা রয়েছে। আজ বুধবার দুপুরের পরে বিজ্ঞ আদালত এর মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মতামত