সমাজ ঘটনা:১
ঢাকার মিরপুর অঞ্চলে মেসে থেকে চাকরি প্রিপারেশন নিতেন মোহাম্মদ সাদিক (ছদ্মনাম)। বাসা উত্তরবঙ্গের কুড়িগ্রাম। চুপচাপ থাকতেন। ছাত্র জীবনে পছন্দ করে বিবাহিত স্ত্রী বুকভরা আশায় স্বপ্ন বেঁধেছিলেন রংপুরে। হঠাৎ বছর না ঘুরতেই সর্বদা সংসারে অশান্তি, মেজাজ তিরিক্ষি ছাড়া কথা বলেন না। মূলত বিশ্ববিদ্যালয় থেকে মৌলিক বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা শেষে অফিস-সহকারি পোস্ট মিলিয়ে প্রায় ১৭টি অধিক ভাইভা দিয়ে খালি হাতে ফিরলেন। বেকারত্বে তীব্র হতাশাগ্রস্তে স্ত্রীকে বেড়ধর নির্যাতনে সংগঠিত হলো মৃত্যু। বয়স শেষে কোম্পানিতে ঢুকে এ পর্বের ইস্তফা টানলেন। জীবন এখন সর্ষে-হতাশাখোর।
ঘটনা:২ নাম লতা(ছদ্মনাম)। বাংলায় উচ্চশিক্ষা সমাপ্ত করলেন। রাজশাহীর মেয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তার পছন্দতম পুরুষ অনার্স-মাস্টার্স কমপ্লিট করে বয়সের শেষ দিকে ডজন এক ভাইভা শেষে সরকারি চাকরি জোগাড় করলেন। বিধিবাম; যার জন্য সমাজ,পরিবারের কাছ থেকে লতা নিগৃহীত হলেন তিনিই(পুরুষ) চাকরি পেয়ে দীর্ঘ সাত বছরের মধুর সম্পর্কের ইতি টানলেন এক মিনিটে। অধিক যৌতুক ও সৌন্দর্যের লোভে বিয়ে করলেন অন্যত্র। মেয়েটির এখন কি হবে! বেগম রোকেয়ার সমাজ পাঠের সেই পুরনো বক্তব্য: "পুরুষের এক চাকরি আর সার্টিফিকেট এর বাজারদর এক রাজার রাজত্বের চেয়েও বেশি।"
সমাজ ঘটনা :৩
ধানমন্ডি মধুবাজারে থাকতেন আহমদ উল্লাহ রনি (ছদ্মনাম দিলাম)। এককালে মাদ্রাসা থেকে পড়াশোনা করে সেকেন্ড টাইমে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। পড়াশোনা শেষে এখনো তিনি বেকার। সমাজের নিকট পাপ এমন মূল্যবোধে কাছে অনার্স ২য় বর্ষে পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করলেন। কিন্তু সমাজ তো বুঁদের রাম। এখন বিয়ে করেছে বাপু মেয়ের দায়িত্ব নাও। জেনারেল মিডিয়ামে চাকরির বাজারের পরীক্ষায় তিনি কুলিয়ে উঠতে পারছেন না। যদিও তার মুখস্থ বিদ্যা ভালো। বেকারত্বের কাছে হঠাৎ শোনা গেলো তিনি নাকি আত্মহত্যা করতে গেলেন। আর পারছেন না। বৃদ্ধ বাবা, পরিবারের অবস্থা তথৈবচ। সংসারে মনোমালিন্য, অশান্তি। পুরনো প্রতিজ্ঞা দুজনের কেউ রক্ষা করতে পারলো না। বছর দুয়েকের মধ্যে ডিভোর্স। ঘটনা তিনটি বাংলাদেশের নগরনাট্যের সমাজপাঠ।
ইতালির মার্কসবাদী দার্শনিক এ্যান্থোনিও গ্রামসি বলতেন-" সমাজ বিকাশ ও বিবর্তনের সাথে নগরায়ণ, শিল্পায়নের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সেই সাথে মানুষের সামাজিক সমস্যা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সম্পর্কও করুণ। মানুষ এখানে অর্থনৈতিক কারণে একে অপরের থেকে শারীরিক, মানসিক যন্ত্রণা ও ভয়ংকর রকমের প্রতারণার শিকার হোন। জাগতিক বাস্তবতার নগরায়ণে অর্থনৈতিক সেতুবন্ধন মজবুত না হবার কারণে প্রেম, পারিবারিক দায়িত্ব স্রোতের মতো হারিয়ে যায়। ফলে একাকীত্ব ও নিঃসঙ্গতায়ই নগর মানুষের প্রধানতম বৈশিষ্ট্য।" যা আধুনিক, উত্তর-আধুনিক শিল্প-সাহিত্য ও সমাজের চেহারাও বটে।
১.
সমাজ সংগঠনের এসব ঘটনা নিয়ে সম্প্রতি বাংলাদেশ \'আইন ও সালিশ কেন্দ্র\' (আসক) জানিয়েছে-
২০২৫ সালের জানুয়ারি-জুলাই এ ৭ মাসে দেশের ১১৩ জন নারী স্বামী কর্তৃক সরাসরি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যা অত্যন্ত উদ্বেগ ও ভয়ানক। বিশ্লেষণে দেখা যায় অর্ধশিক্ষিত মানুষদের মধ্যে কারণ ভিন্ন হলেও মোটের উপর হত্যাকাণ্ডের পেছনে প্রেম সম্পর্কিত বিয়ে, উচ্চশিক্ষা শেষে বেকারত্বের ভার এবং এর পরবর্তী দাবি করা যৌতুক অন্যতম প্রধান কারণ। বিশেষ করে বাংলাদেশের মতো সামাজিকভাবে সামন্তীয় মূল্যবোধের শেকড় প্রোথিত দরিদ্র দেশে বেকার উচ্চশিক্ষিত পুরুষদের হাতে এ ঘটনা বেশি ঘটছে। সমাজপাঠে এখানে তিনটি বিষয় অবলোকন করা যায় এক. বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রেমিক যুগলদের তাড়িত স্বপ্ন। দুই. বিবাহ পরবর্তী সময়ে বেকারত্ব, কাঙ্ক্ষিত চাকরি না পাওয়া ও জীবন-জীবিকার ন্যূনতম চাহিদা পূরণ না হবার কারণে সৃষ্ট সমস্যা। তিন. মেয়েদের সামাজিক নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত জটিলতায় আবেগ/ মোহের বশবর্তী হয়ে ভুল পার্টনার নির্বাচন। তাছাড়া পুরুষতান্ত্রিক সমাজে কর্তৃত্ব, দেখভাল পুরুষের হাতে থাকার দরুণ বেকার নারী সে-রকমভাবে আর সংসারে প্রভাব ও মূল্যায়িত হতে পারেন না। বিপরীতক্রমে নেমে আসে অত্যাচার। পরিণতি বিবাহ বিচ্ছেদ বা কখনো মৃত্যু। বিশেষ করে উচ্চশিক্ষিত নারী-পুরুষের মধ্যে প্রেম-পরবর্তী বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি সংগঠিত হয়। যা শতাংশে ৮৬%-এর অধিক। দায়ভার সমাজ,রাষ্ট্র নিতে চায় না। সমাধান কি! সংকট উত্তরণের উপায় বা কি! সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের ভাষায় " মূল সমস্যা হলো বেকারত্ব। সহজ কথায় অর্থনৈতিক দৈন্যতা। যার সাথে নারী-পুরুষের অন্যান্য সম্পর্কগুলোর ভীত সমাজ সংগঠনে সরল-জটিল- মজবুত হয়।" উপেক্ষিত প্রবণতায় সৃষ্ট সমস্যা সাময়িক বন্ধ হলেও স্থায়ী সমাধান নেই। বিচ্ছিন্নতা, বিচ্ছেদ নিত্যনৈমিত্তিক ঘটে চলেছে। এককালের তাড়িত স্বপ্নের মৃত্যু হচ্ছে। নগরনাট্য হাসছে।
২.
মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা এক সেকেন্ডও নাই, কিন্তু উচ্চশিক্ষিত তরুণ-তরুণী জনগোষ্ঠী বিশ্ববিদ্যালয়ে পাশ শেষে চাকরি, কর্মসংস্থানের নিশ্চিত গ্যারান্টি চায়ই চায়। আজকের শতাব্দীতে কোনো সাবজেক্ট যদি Industrial Base স্নাতক, উৎপাদনে বাজারমুখী, বাজার অর্থনীতি ভিত্তিক গবেষণা ও উচ্চশিক্ষা না হয়, তা ক্রমেই মারাত্মক গলারকাঁটা। নিষেধের বিড়ম্বনায় অতীতের মোহে আবেগ তাড়িত হতে পারেন কিন্তু উর্দু, ফারসি, পালি ও বুদ্ধ স্টাডিজ, সংস্কৃত, বিশ্বধর্ম ও সংস্কৃতি, ইসলামের ইতিহাস, ফোকলোর, বাংলা, ইতিহাস, আরবি, ইসলামিক স্টাডিজ, চারুকলা, মনোবিজ্ঞান, নাট্যতত্ত্ব, দর্শন, বাংলাদেশ স্টাডিজ সাবজেক্ট প্রভৃতির উচ্চশিক্ষা শেষে কেবলমাত্র শিক্ষকতা পেশাবিহীন বাংলাদেশে সুনির্দিষ্ট কোন কর্মক্ষেত্র বা চাকরি নাই। স্কিল ডেভেলপমেন্ট করারও কোনো কার্যকরী ব্যবস্থা নেই।
ফলে এ সকল সাবজেক্টে অধ্যয়নরত বাংলাদেশের যত শতাংশ নারী-পুরুষ উচ্চশিক্ষিত, ঠিক তত শতাংশই হতাশ। ফলে উচ্চশিক্ষিত বেকার এসব মানুষ রাষ্ট্রের জন্য এক ধরনের বড় রকমের থ্রেট। আবার প্রযুক্তির বিকাশ অনেক চাকরি ও সাবজেক্ট ইতিমধ্যে খেয়ে দিয়েছে। আরও দিচ্ছে। চিকিৎসা বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, প্রযুক্তি ও বাণিজ্য বিভাগের জন্য সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক কর্মসংস্থান বা চাকরি বাকরির ক্ষেত্র যদিও আছে; সেগুলোও তাদের জন্য পর্যাপ্ত নয়। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে ঐ-সকল সাবজেক্ট থেকে লাখ লাখ গ্র্যাজুয়েট প্রতিবছর পাশ করে আসলে কোথায় যাচ্ছে বা কি হচ্ছে তার পরিপূর্ণ হদিস নেই। কিন্তু সমাজের দিকে তাকালে দেখা যায়- সমাজ, পরিবার কিংবা প্রেমিক বা প্রেমিকা সবাই এলিট চাকরি প্রত্যাশা করেন। আসলে একটা দেশে ফাস্ট ক্লাস শ্রেণির এলিট চাকরিই বা আছে কয়টি। ফলে একদা বিশ্ববিদ্যালয়ের হাস্যজ্জ্বোল নিমজ্জিত মানুষটি হতাশ। নিজেকে লুকিয়ে রাখেন কিংবা আত্মসম্মানের ভয়ে নিজেকে সংকুচিত করে গুটিয়ে ফেলেন। রবীন্দ্রনাথ অনেক আগেই বলেছিলেন:" আমাদের উচ্চশিক্ষার ইমারতের সিঁড়ি আমরা নিজেরা গড়ে তুলি নি। গড়ে তুলেছে অন্যরা আলাদা ধাঁচে ফেলে। যেখানে আমরা এক ফ্যাক্টরি থেকে বের হয়ে আরেক ফ্যাক্টরিতে আধুনিক শিক্ষিত দাসরূপে প্রবেশ করি (শিক্ষা প্রবন্ধ)।"
অর্থাৎ আজকের বাংলাদেশে লক্ষ্যহীন এসব উচ্চশিক্ষার পর বেঁচে থাকার ন্যূনতম দায়ভার সম্পূর্ণ আলাদা; যা এ শতাব্দীর প্রথমেই আমাদের জানান দিয়েছে। ফলে আসক-এর নারী হত্যা,নির্যাতনের পরিসংখ্যান "উচ্চশিক্ষায় বেকারত্ব" পাঠের ভেতরেই নিহিত।
৩.
বর্তমানে সারা-পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা ক্যাপিটালিস্ট ও মুক্ত বাজার অর্থনীতিভিত্তিক। অর্থাৎ সমাজে উৎপাদিত কোনো কিছুর অর্থের মূল্যে পরিগণিত না হলে তার বিন্দুমাত্র সমাজদর নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার মিলিয়ে পুরো অর্থনীতি ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার মাত্র। ব্যবসা ও বিনিয়োগবান্ধব স্বাভাবিক পরিবেশে একটি দেশে বছরে সর্বোচ্চ ৩ লাখ স্নাতকের কর্মসংস্থান করা সম্ভব। অথচ ইউজিসি তথ্যমতে দেশে প্রতি বছর প্রবেশ করছে ৭ লাখ শিক্ষিত গ্র্যাজুয়েট। শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৮৩টি কলেজ থেকে ৩০ লাখের অধিক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে বিশাল অংশ চাকরির বাজারে প্রবেশ করছে। বেসরকারি গবেষণা সংস্থার তথ্য মতে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে সংখ্যা আরও বেশি। পরিস্থিতি পাল্টিয়েছে। সমস্যাও বেড়েছে। একদিকে শিক্ষায় ব্যবসা সম্প্রসারণ ও অধিক টিউশন ফি বেড়েছে। অন্যত্র চাকরিতে রাজনৈতিক তদবিরের কোটা, স্বজনপ্রীতি, দুর্নীতির চলমান বাস্তবতায় চাকরি সংখ্যা বৃদ্ধি হয়নি। করোনার পর এ অবস্থা আরও নিম্নগামী। খোদ সরকারি জরিপ বলছে- অপরিকল্পিত বিশ্ববিদ্যালয় স্থাপন দেশে উচ্চশিক্ষিত বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে(বিবিএস-২০২২)।"
সম্প্রতি বেসরকারি খাতে"কোম্পানিগুলো শুধু চাকরি ছেড়ে দেওয়া বা মারা যাওয়া কর্মীদের শূন্যস্থান পূরণ করেছে।\' যেখানে অর্থনীতিবিদরাও এই উদ্বেগের সঙ্গে একমত। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মতে- চাকরি বা \'কর্মসংস্থান সৃষ্টির চালিকাশক্তি হলো দেশি-বিদেশি বিনিয়োগ। কিন্তু বাংলাদেশের ৪৬০ বিলিয়ন ডলারের অর্থনীতি এই বিশাল তরুণ জনগোষ্ঠীকের ধারণ করার জন্য যথেষ্ট বড় নয়।\' ফলে মূল সমস্যা হলো বেকারত্ব। যার মধ্যে উচ্চশিক্ষিত বেকারত্ব সবচেয়ে বেশি।
সিদ্ধান্তস্বরূপ বাংলাদেশের উচ্চশিক্ষার সংস্কার আবশ্যক। নতুন করে ভাবতে হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলাতে হলে দেশীয় সমস্যা সমাধানের দিকে লক্ষ্য রেখে আন্তজার্তিক দৃষ্টিকোণ থেকে "উচ্চশিক্ষা বিষয়ে নতুন পরিকল্পনা" নেওয়া উচিত। বিজ্ঞান, বাণিজ্য, প্রযুক্তি এ শতক এবং শতাব্দীর উন্নতির সোপান। কলা সেখানে অন্তর্ভুক্ত হতে পারে ছায়াশক্তিরূপে। নারী নির্যাতন, হত্যা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন সমস্যাগুলো বিদ্যমান উচ্চশিক্ষার বেকারত্ব সমস্যা সমাধানের মধ্যেই নিহিত।
মতামত