দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি চিকিৎসাসেবার সক্ষমতা। ৫০ শয্যায় উন্নীত হওয়ার এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও হাসপাতালটির কার্যক্রম চলছে মূলত ৩১ শয্যার জনবল কাঠামো দিয়ে।
চিকিৎসক, নার্স ও কর্মচারীর ঘাটতির পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা। এমনকি অপারেশন থিয়েটার (ওটি) সচল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় করা যাচ্ছে না সিজারিয়ান অস্ত্রোপচার।
হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন ৪০০-৫০০ রোগী। অন্তর্বিভাগেও ৫০ শয্যার বিপরীতে ভর্তি থাকছেন ৭০-৮০ জন। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সীমিতসংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ফলে চিকিৎসা নিতে এসে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন রোগীরা, অন্যদিকে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের যেতে হচ্ছে জেলা পর্যায়ের হাসপাতালে কিংবা বেসরকারি ক্লিনিকে।
উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩ লাখ ৫৬ হাজার ১৫২ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স।
৮৭ হাজার ৮২৪টি পরিবারের পাশাপাশি আশপাশের কয়েকটি উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে আসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৩ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে অবকাঠামো ও শয্যাসংখ্যা বাড়লেও সে অনুযায়ী প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিনের এই ঘাটতি এখন হাসপাতালের চিকিৎসাসেবায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ও ১০টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসকসহ সংশ্লিষ্ট পদে মোট ৪৩ জন চিকিৎসক প্রয়োজন। বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। তাঁদের মধ্যেও তিনজন প্রেষণ বা সংযুক্তিতে অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। ফলে বীরগঞ্জ হাসপাতালে সরাসরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য কার্যকরভাবে চিকিৎসক পাওয়া যাচ্ছে আরও কম।
তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৩৫টি পদের বিপরীতে কর্মরত আছেন ২২ জন। শূন্য রয়েছে ১৩টি পদ। অন্যদিকে, ৫০ শয্যার উপযোগী চতুর্থ শ্রেণির নতুন জনবল কাঠামো তৈরি না হওয়ায় এখনো ৩১ শয্যার পুরোনো কাঠামোর ওপর নির্ভর করতে হচ্ছে। এ শ্রেণির ২১টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ১৩ জন; শূন্য পদ আটটি।
পরিচ্ছন্নতা ও সহায়ক কর্মীর সংকট আরও প্রকট। ৩১ শয্যার হাসপাতালের জন্য ছয়জন এমএলএসএসের পদ থাকলেও বর্তমানে কর্মরত নেই একজনও। পিয়ন ও অন্যান্য সহায়ক কর্মীর ঘাটতিও রয়েছে। ৫০ শয্যার হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সামলাচ্ছেন মাত্র চারজন সুইপার। নেই কোনো আয়া।
হাসপাতালটিতে গাইনি, কার্ডিওলজি, সার্জারি ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে প্রসূতি, হৃদ্রোগী, অস্ত্রোপচার প্রত্যাশী এবং সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায়।
হাসপাতালটির অন্যতম সাফল্য স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারি সেবা। এ ক্ষেত্রে জাতীয় পুরস্কারও পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু গাইনি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল প্রসূতি রোগীদের প্রয়োজন অনুযায়ী সিজারিয়ান অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। সার্জারি বিশেষজ্ঞের অভাবে অন্যান্য প্রয়োজনীয় অস্ত্রোপচারও ব্যাহত হচ্ছে। অথচ হাসপাতালের অপারেশন থিয়েটারটি সচল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জটিল প্রসূতি রোগীদের অনেক সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে দূরত্ব, যাতায়াতের সময় ও ভোগান্তির কারণে রোগীর স্বজনদের কেউ কেউ বাধ্য হয়ে বীরগঞ্জ শহরের বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এতে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
এছাড়া ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে হাসপাতালটির অবস্থান হওয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরও এখানে নিয়ে আসা হয়। কিন্তু অর্থোপেডিক্স বিশেষজ্ঞ না থাকায় হাড়ভাঙাসহ বিভিন্ন ধরনের আঘাতের রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, আল্ট্রাসনোগ্রাম মেশিনটি নষ্ট থাকায় দীর্ঘদিন ধরে এ সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় যন্ত্রটি সচল করার উদ্যোগও কার্যকর হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসপাতালের জনবল সংকটের চিত্র আরও স্পষ্ট হয়েছে প্রেষণ ও সংযুক্তিতে থাকা দুই বিশেষজ্ঞ চিকিৎসকের ক্ষেত্রে। ২০২৬ সালে নিয়োগ পাওয়া ৩০তম বিসিএসের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক মো. মনিরুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে প্রেষণে দিনাজপুর জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
একইভাবে ২০২৪ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়া ৩২তম বিসিএসের কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক মো. মামুনুর রশিদ যোগদানের পর থেকেই সংযুক্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন। তাঁদের বেতন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া হলেও স্থানীয় রোগীরা তাঁদের কাছ থেকে চিকিৎসাসেবা পাচ্ছেন না।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক ক্ষেত্রেই তাঁদের অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে।
পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি গ্রামের আব্দুর রশিদ বলেন, ‘শ্বাসকষ্টের কারণে ভোরে আমার বাবাকে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছি না। বাধ্য হয়ে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হচ্ছে।’
ভোগনগর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের শাহিনুর রহমান বলেন, ‘নরমাল ডেলিভারির জন্য আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেছি। এখনো সন্তান প্রসব হয়নি। রোগী কষ্ট পাচ্ছেন। প্রয়োজন হলে তাঁকে বীরগঞ্জ শহরের কোনো ক্লিনিকে নিয়ে গিয়ে সিজার করাতে হবে।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হারুন অর রশিদ বলেন, আগে বহির্বিভাগে প্রতিদিন ২০০-২৫০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হতো।
মতামত