দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত, ঋণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘আমরা করব জয়’ যুব সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি এবং ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. মাসুম বিল্লাহ।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।
এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা নজমুল হক নাজিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সিন্ধু চরণ বর্মন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী, ‘আমরা করব জয়’ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায়, সহসভাপতি মর্তুজান নাহার মিতু এবং উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কম্পিউটার অপারেটর রেজাউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সবুজ সাথী যুব উন্নয়ন ক্লাবের সহযোগিতায় মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে যুবদের মধ্যে ঋণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
মতামত