হাকিমপুর

দূর্গাপূজা উপলক্ষ্যে ৮ দিন ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

প্রিন্ট
দূর্গাপূজা উপলক্ষ্যে ৮ দিন ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০১


সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকবে। বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান ইমিগ্রেশন কতৃপক্ষ। 

গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। 

জানা গেছে, বাংলাহিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে ভারতের হিলি কাস্টমস ক্লিয়ারিং এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে। এর মধ্যে শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি হওয়ায় মোট ৮ দিন বন্ধ থাকছে এই স্থলবন্দরটি। 

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যের আমদানি-রপ্তানি করা হবেনা। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পূর্বের নিয়মে চালু করা হবে। 

হিলি কাস্টমস স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, ‘দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় হিলি কাস্টমস ক্লিয়ারিং এন্ড এক্সপোর্টার ও আমদানি রফতানি সংগঠন দেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে আমাদের হিলি শুল্ক স্টেশনের দপ্তর খোলা থাকবে।

অন্য দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।