দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশের একটি জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারের পশ্চিম পাশে মহাসড়ক সংলগ্ন জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক পথচারী জলাশয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এবং কত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
মতামত