বিভিন্ন উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণার প্রথম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আদিবাসীদের উল্লেখযোগ্য নৃত্য, বেলুন উড়ানো, ফটো গ্যালারি ও ফলক পরিদর্শনের মাধ্যমে শুরু হয়।
এ সময় সুবিধাভোগী শিশু ও অভিভাবকেরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া সঙ্গীতা রায় এবং শিশুশ্রম থেকে মুক্ত হওয়া পলি রায় কীভাবে মূলধারার শিক্ষায় ফিরে এসেছে, সেই বাস্তব চিত্র তুলে ধরে।
অনুষ্ঠানে জানানো হয়, গত কয়েক বছরে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ১৪৯ জন শিশুকে শিশুশ্রম থেকে মুক্ত করে স্কুলে ফিরিয়ে আনা হয়েছে, ৯টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে এবং ১১৫ জন ঝরে পড়া শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে যুক্ত করা হয়েছে। এ ছাড়া উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩ হাজার ৮৩৬ জন ঝুঁকিপূর্ণ শিশুর তথ্য সংগ্রহ করে নিয়মিত কাউন্সেলিং করা হচ্ছে।
পরিশেষে উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত রাখার ধারা অব্যাহত রাখতে ‘ইউথ ভিজিলেন্স টিম’-এর আহ্বানে উপস্থিত সবাই শপথ বাক্য পাঠ করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণাপত্র ও ফলক উন্মোচন করা হয়। পূর্বে উপকার ভোগীদের মাঝে কাহারোল ওয়ার্ল্ড ভিশন কর্তৃক এলাকার দরিদ্র পরিবারে ইতিপূর্বে উপকার ভোগীদের মাঝে ছাগল, হাঁস ও মুরগী বিতরণ করা হলে তারা স্বাবলম্বী হয়ে পুনরায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল হাঁস মুরগি উপহারস্বরূপ বিতরণ করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কাহারোল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে বিশেষ অতিথিবৃন্দসহ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ডিরেক্টর অপারেশনস মি. চন্দন জাকারিয়াম গমেজ, ডিরেক্টর অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দায়িং, উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী, ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন ও মো. মনাোয়ারুজ্জামান, কাহারোল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুস্তম আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করা,ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে পরিবার, বিদ্যালয়, জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন ।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
মতামত