হাকিমপুর

রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা

প্রিন্ট
রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, রাত ১১:৫৪


ভারতের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামীকাল ৩০ আগষ্ট রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন। 

আজ শনিবার (২৯ আগষ্ট) রাতে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ চন্দ্র মন্ডল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বাংলাদেশের হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ভারতীয় এক্সপোর্টার্স ও আমদানি রফতানি ব্যবসায়ীদের কার্যনির্বাহী কমিটির যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক পশ্চিমবঙ্গের অন্য স্থলবন্দরের তুলনায় কিছু কারণবসত আমরা ভারতের হিলি বন্দর পিছিয়ে পড়েছি। তাই আগামীকাল রবিবার ৩০,০৮,২৬ থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করতে এক প্রকার বাধ্য হয়েছি। 

বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল আরও জানান, ভারতের অভ্যান্তরীন প্রশাসনিক কিছু সমস্যা কারণে ওই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

অন্য দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।