দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বাড়ির বারান্দায় মাদক সেবনের আসর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের একজনের কাঁধে থাকা কালো রঙের সাইড ব্যাগে তল্লাশি চালিয়ে ৫৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার পার্বতীপুর বানিয়াপাড়া এলাকায় এ অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পার্বতীপুর বানিয়াপাড়া এলাকার রায়হানুল ইসলাম (৩৬) ও কৈপাড়া এলাকার সুবল চন্দ্র (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির বারান্দায় চলছিলো মাদক সেবন ও বিক্রির কার্যক্রম। ঘটনাস্থল থেকে পুলিশ রায়হানুল ইসলাম ও সুবল চন্দ্রকে আটক করে। পরে রায়হানুল ইসলামের কাঁধে থাকা কালো রঙের সাইড ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর তিনটি পলিথিনের প্যাকেটে ৫৫০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি মাথাছাড়া গ্যাস লাইট, মাদক গলানোর একটি চামচ, ফয়েল পেপার, কাগজের পাইপ ও এক টুকরা টিনফয়েল জব্দ করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মতামত