বীরগঞ্জ

বীরগঞ্জে ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রিন্ট
বীরগঞ্জে ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:১২


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে শাকসবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর শাকসবজি চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ কর্মসূচির আওতায় উপজেলার ১২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক নারী-পুরুষ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার এবং কলমি শাক, পুঁইশাক, লাউশাক, চাল কুমড়া, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষকদের সরকারি কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার করে নিরাপদ ও অধিক ফলনশীল শাকসবজি উৎপাদনের আহ্বান জানান। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন সহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।