কাহারোল

কাহারোলে ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীর জরিমানা

প্রিন্ট
কাহারোলে ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত : ৪ জুন ২০২৬, বিকাল ৪:১০


দিনাজপুরের কাহারোল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন,।ঔষধ ও কসমেটিক্স আইন এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩ জুন ২০২৬) কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানে নানা ধরনের অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানে গড়নুরপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মো. বাদশা (২৬), রতন রায়ের ছেলে হিমেল রায়, একরামুল আলমের ছেলে মো. মনিরুজ্জামান (৩০), পূর্ব সাদিপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মশিউর রহমান (৩৬), মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল জলিল (৬৪), নয়াবাদ গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে শাহিনুর রহমান, দিনাজপুর সদর উপজেলার খোশালপুর গ্রামের মাইনুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) এবং চিরিরবন্দর উপজেলার চকগোবিন্দ গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. তুহিন (৩০)-এর বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা দায়ের করে আর্থিক জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, খাদ্যপণ্যের মান বজায় না রাখা, হোটেল ও রেস্তোরাঁ পরিচালনায় বিধি অনুসরণ না করা এবং অত্যাবশ্যকীয় পণ্য বিক্রিতে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।

এ সময় দিনাজপুর জেলার ড্রাগ সুপার মোকসেদুল আমীন উপস্থিত ছিলেন। এছাড়া কাহারোল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।