চিরিরবন্দর

বাইকের স্বপ্ন পূরণ হলেও ফিরল না ঘরে; সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর ‎

প্রিন্ট
বাইকের স্বপ্ন পূরণ হলেও ফিরল না ঘরে; সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর ‎

প্রকাশিত : ৩০ মে ২০২৬, রাত ১১:২৩


‎দীর্ঘদিন ধরে পরিবারের কাছে মোটরসাইকেল কেনার আবদার করছিলেন জাবির খালেদ। অবশেষে পূরণ হয়েছিল তার সেই স্বপ্ন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—স্বপ্নের সেই মোটরসাইকেলই হয়ে উঠল তার শেষ যাত্রার সঙ্গী। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু রিয়াদ হোসেন। দিনাজপুরের চিরিরবন্দরে ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে।

‎শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়ে থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি ব্রিজের ওপর একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন উপজেলার রানীরবন্দর নিবাসী দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ খালেদ সাগরের একমাত্র ছেলে জাবির খালেদ এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো. দুলাল হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, জাবির ও রিয়াদ দুজনেই আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন। শনিবার বিকেলে তারা মোটরসাইকেলে করে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

‎সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

‎স্বজনরা জানান, জাবির দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কেনার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি পরিবারের পক্ষ থেকে তার সেই ইচ্ছা পূরণ করা হয়। কিন্তু আনন্দের সেই উপলক্ষ বেশিদিন স্থায়ী হয়নি। যে মোটরসাইকেল তাকে স্বপ্নপূরণের সুখ এনে দিয়েছিল, সেটিই শেষ পর্যন্ত তার জীবনের সমাপ্তির কারণ হয়ে দাঁড়ায়। একই সঙ্গে নিভে যায় তার বন্ধু রিয়াদের সম্ভাবনাময় জীবনও।

‎দুই মেধাবী শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের মাতম। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী তাদের স্মরণ করে গভীর শোক প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে শোকের আবহ।

‎চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এ ঘটনায় এলাকায় একটি ইউডি মামলা হয়েছে। এছাড়াও যদি তাদের পরিবার মামলা করে তাহলে তদন্ত করে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।”