দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬মে) ভোরে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাবরা এলাকা থেকে একটি ভ্যান সহ তাদের আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর উপজেলায় নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-নেসকো এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর অধীনে পরিচালিত বিভিন্ন স্থানে বৈদ্যুতিক সঞ্চালনের মেইন লাইনের তার চুরি হচ্ছে প্রতিরাতেই । এই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে একটি ভ্যান যোগে দুই বস্তা ভর্তি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারের কাটা অংশ নিয়ে যাচ্ছিলো তিন ব্যক্তি।
এ সময় ভ্যানটি হাবড়া ইউনিয়নের চৌপথি বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় নৈশ্য প্রহরীর সহযোগিতায় তাদের আটক করে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে টহলে থাকা পুলিশের একটি দল। পরে আটককৃতদের ভবানীপুরে অবস্থিত পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিকভাবে আটক তিন ব্যক্তি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা হলেন পৌর শহরের গুলপাড়া মহল্লার লিয়াকত আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪), সরকারপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ সেলিম (৩৬) এবং হলদিবাড়ি কলোনীর সোহরাবালীর ছেলে মিজানুর রহমান (৩৯)।
আটকৃতদের কাছ থেকে তার কাটার কাজের ব্যবহৃত একটি অত্যাধুনিক কাটার মেশিন উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে চুরি যাওয়া মালামাল সহ আটককৃতদের পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত