দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল নয়টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—আলামিন (১৫), সৈকত (১৬) ও কাইয়ুম (২০)। আলামিনের বাড়ি নুরপুর এলাকায়, সৈকতের বাড়ি মগলিশপুরে এবং কাইয়ুমের বাড়ি আফসারাবাদ কলোনিতে। তাঁরা সবাই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে রাণীগঞ্জ মার্কেট এলাকা থেকে মহাসড়ক পারাপারের সময় গাজীপুর থেকে নবাবগঞ্জগামী মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাইয়ুম নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালকের সহকারী সাব্বির হোসেন শাওনকে আটক করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
মতামত