দিনাজপুরের কাহারোলে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গেরার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
বুধবার(২০ মে ২০২৬) বেলা ১১ টায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামে তার পৈত্রিক ভিটায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের নেতৃত্বে কাহারোল থানার একটি চৌকসদল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে তার পৈত্রিক বাসস্থানে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দিনাজপুর স্টেশন রোডস্থ জামে মসজিদে তার দ্বিতীয় নামাজের জানাজা শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলা ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের নিবাসী ও দিনাজপুর শহর স্টেশন রোডস্থ বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক গেরা ১৯ মে মঙ্গলবার বিকাল ৪ টায় বার্ধক্য জনিত কারণে স্টেশন রোডস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
জানাযা নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা ব্যক্তিক্ত ও সামাজিক জীবনের স্মৃতিচারণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাহারোলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা তার জানাজায় অংশগ্রহণ করে তার আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন । দেশ ও জাতির জন্য তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সর্বস্তরের জনতা।
মতামত