নীলফামারীতে প্রথমবারের মতো অত্যাধুনিক সি-আর্ম (C-Arm) মেশিনের মাধ্যমে সফলভাবে মেরুদণ্ডের রড-স্ক্রু ফিক্সেশন ও ফিউশন অপারেশন সম্পন্ন হয়েছে। এ সফল অস্ত্রোপচারের নেতৃত্ব দেন নিউরোসার্জন ডা. নারায়ণ চন্দ্র রায়।
শহরের ইবাদত হাসপাতালে সম্পন্ন হওয়া এই জটিল অপারেশনকে জেলার চিকিৎসা সেবায় নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতদিন এ ধরনের জটিল স্পাইন সার্জারির জন্য রোগীদের রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে যেতে হতো। এখন নীলফামারীতেই মিলবে আধুনিক নিউরোসার্জারির এই সেবা।
অপারেশনে নিউরো অ্যানেস্থেসিয়া প্রদান করেন ডা. মাশিউর রহমান সাগর। পুরো মেডিকেল টিমের সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় অস্ত্রোপচারটি।
নিউরোসার্জন ডা. নারায়ণ চন্দ্র রায় বলেন, উত্তরাঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত নিউরোসার্জারি সেবা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আরও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাব।
চিকিৎসক ও স্থানীয় সচেতন মহল বলছেন, নীলফামারীতে এ ধরনের অপারেশন চালু হওয়ায় সময়, খরচ ও ভোগান্তি কমবে সাধারণ রোগীদের। পাশাপাশি উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
মতামত