কাহারোল

কাহারোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৭:৩৬ আপডেট : ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৭:৪০


দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং কৃষিকে আরও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে আয়োজিত এ কংগ্রেসে অংশ নেন কৃষক, খামারি, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই পার্টনার  কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. খুরশিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান। অনুষ্ঠানে কাহারোল  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান)কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, পার্টনার দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.জোবায়দা নাজনীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাবৃন্দ।

বক্তারা বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্যাকেজ প্রযুক্তির ব্যবহার, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ, কৃষির যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে কয়েকটি স্টল নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।এ ছাড়াও  ‎অংশগ্রহণকারীরা কৃষি খাতের উন্নয়নে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিমত পোষণ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ, কৃষক, খামারি, কৃষি উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।