শিক্ষাঙ্গন

পাঁচবিবিতে গ্রিল কেটে দুই বাড়িতে চুরি

প্রিন্ট
পাঁচবিবিতে গ্রিল কেটে দুই বাড়িতে চুরি

প্রকাশিত : ৪ মে ২০২৬, সন্ধ্যা ৮:১৫


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জানালার গ্রিল কেটে একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতের কোনো এক সময় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দুপাড়ায় মৃত কৈলাশ চন্দ্রের ছেলে কমল চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সোনা-রুপার গহনা, নগদ টাকা ও কাঁসার বাসনপত্র নিয়ে যায়।

অন্যদিকে একই রাতে পৌরসভার দমদমা মহল্লায় কলেজ শিক্ষক ঈশিতা আকতারের বাড়িতেও একই কায়দায় চুরি হয়। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, রুপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মো. তুহিন রেজা এবং থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।