হাকিমপুর

মন্ত্রীত্ব কোন সোনার হরিণ বা বাটি নয় যা নিজেকে দেখলেই বোঝা যায় -মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

প্রিন্ট
মন্ত্রীত্ব কোন সোনার হরিণ বা বাটি নয় যা নিজেকে দেখলেই বোঝা যায় -মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন

প্রকাশিত : ২৭ মে ২০২৬, সন্ধ্যা ৬:৪৬


মন্ত্রীত্ব কোন সোনার হরিণ বা সোনার বাটি নয়! আমি মন্ত্রী জাহিদ নিজেকে দেখলেই বুঝতে পারি। মন্ত্রীত্ব হলো বিশাল একটা দ্বায়িত্ব! আমি মন্ত্রীত্ব পাওয়ার আগে অর্থনৈতিক ভাবে ভালো ছিলাম। বরং মন্ত্রীত্ব পাওয়ার পরে ভোর ছয়টা থেকে রাত্রি অবধি দৌড়াদৌড়ি করে সরকার যেটুকু বেতন দেয় তা দিয়ে ভালো করে চলা খুব কষ্ট। তাই আবারও আগের পেশা সপ্তাহে দুই বা তিন দিন রাতে রোগী দেখা শুরু করেছি। যেন ভালো ভাবে সংসারটা চালাতে পারি। কারণ বর্তমান সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার। কাজেই বর্তমান সরকার, মন্ত্রী পরিষদ এবং প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। 

আজ বুধবার (২৭ মে) সকাল সাড়ে এগারোটার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে দুস্থ, অসুস্থ, অসহায়, অস্বচ্ছল প্রতিবন্ধী ও গরীব, অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন এসব কথা বলেন।

​মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন বলেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার ও মন্ত্রিপরিষদ নিয়ে কটাক্ষ করতে চান তাদের উদ্দেশ্য বলতে চাই, স্বৈরাচার শাসন ব্যবস্থা ও গণতান্ত্রিক সরকারের মধ্যে তফাত রয়েছে। বরং বর্তমান সরকার, মন্ত্রী ও প্রশাসন সম্পূর্ণভাবে জনগণের কাছে দায়বদ্ধ। ফলে জনগণের প্রতি শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করেই এই সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন আরও বলেন, গরীব দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা এবং পিছিয়ে থাকা গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য সরকারের এই অনুদানের চেক বিতরণ করা হচ্ছে। কারণ আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশের সম্পদ বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে চাল ও ঢেউটিন বিতরণ করা হচ্ছে। 

হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন, ভারপ্রাপ্ত সার্কেল এএসপি হারিছ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক অমিত বসাক ধলু,  সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। 

এরপর সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, হাকিমপুর উপজেলার ৫০ শ্যর্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। এসময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং কর্তব্যরত ডাক্তারের সাথে কুশল বিনিময় করেন।সেই সাথে চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। খুব অল্প সময়ের মধ্যে উপজেলা হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, সরঞ্জাম সব কিছু সরবরাহ করা হবে বলে জানান তিনি। 

সবশেষে উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারের বিশেষ বরাদ্দ (জিআর) এর চাল বিতরণ করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন।