দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের নিচে চাপা পড়ে মোছা. আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় পৌর শহরের ঢাকামোড় (শাপলা চত্বর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের ভাগলপুর চিলাপাড়া গ্রামের মাজেদুল হক এর স্ত্রী । নিহতের স্বামী মাজেদুল নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় স্বামী মাজেদুল হক, স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফুলবাড়ীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার ঢাকামোড় (শাপলা চত্বর) এলাকায় মোড় নিতে গিয়ে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বগুড়াগামী টিউলিপ পরিবহণ নামে একটি বাসের (ঢাকা মেট্রো-জ ১১-১০৪৩) সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী গৃহবধু আনোয়ারা বেগম ছিটকে বাসের চাকার নিচে পড়ে গেলে বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ছেলে আব্দুল্লাহসহ ওইগৃহবধু আহত হয়।
তার স্বামীসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী মাজেদুল প্রাণে বেঁচে গেলেও তাদের ছেলে আব্দুল্লাহর পায়ে আঘাত লাগে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে খবর পেয়ে পুলিশ মোটরসাইকেলসহ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।”
মতামত