‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা চত্বরে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। এর আগে সকাল ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসহাক আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান। সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসহাক আলী বলেন, “দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খামারিদের আধুনিক পদ্ধতি গ্রহণে আরও সচেতন ও উৎসাহিত হতে হবে।”
প্রদর্শনীতে দুধ, ডিম, মাংস, পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, রোগ প্রতিরোধ, আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।
সরকারি দপ্তরের কর্মকর্তা, খামারি, শিক্ষার্থী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে উপজেলা চত্বর সারা দিন মুখরিত হয়ে ওঠে।
পরে আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য শেষে প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।##
মতামত